স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে করেছিলেন ১১ রান, দল হেরেছিল। পরের ম্যাচে করেন ৩৯, দল হাসে জয়ের হাসি। তৃতীয় ম্যাচে আবার ১১ রানেই থামলেন তামিম ইকবাল। ফের হারল তার দল পেশোয়ার জালমি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার রাতে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে করাচি কিংস। এটি করাচির টানা দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারাই। তিন ম্যাচে দুই হার ও এক জয়ে চতুর্থ স্থানে আছে পেশোয়ার।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেছিল পেশোয়ার জালমি। প্রথম ওভারের শেষ তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন কামরান আকমল। কিন্তু পরের ওভারেই স্বদেশী মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তানি ওপেনার (৫ বলে ১৪)।
তৃতীয় ওভারে টাইমল মিলসকে দুটি চার হাঁকিয়ে তামিমও শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু পরের ওভারে আমিরের প্রথম বলেই আউট হয়ে যান বাংলাদেশের ওপেনার। বাঁহাতি পেসারের কিছুটা দেরিতে সুইং করা বল তামিমের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে জমা পড়ে। ১২ বলে ২টি চারে তামিম ১১ রানের ইনিংসটি খেলেন।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পেশোয়ার। তিনে নামা ডোয়াইন স্মিথ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। স্মিথের ৫১ বলে অপরাজিত ৭১ রানের (৪ চার, ৫ ছক্কা) সুবাদে কোনোমতে ৯ উইকেটে ১৩১ রান করতে পারে পেশোয়ার। করাচি সেটি পেরিয়ে গেছে ২ বল বাকি থাকতে। জো ডেনলি ২৯ ও বাবর আজম করেন ২৮ রান।

