ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিজমানের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর প্রতিশোধ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। তাতে লা লিগায় সেভিয়াকে তাদের মাঠেই ৫-২ গোলে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে দিয়েগো সিমিওনের দল। এই জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো অ্যাটলেটিকো মাদ্রিদের। গত জানুয়ারিতে এই সেভিয়ার কাছে হেরেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সিমিওনের শিষ্যরা।
লা লিগায় এটি ছিল দিয়েগো কস্তার শততম ম্যাচ। রোববার সেভিয়ার মাঠে ম্যাচের ২৯ মিনিটে গোল করে মাইলফলক রাঙান স্প্যানিশ এই স্ট্রাইকার। চেলসি থেকে আবার অ্যাটলেটিকোতে ফেরার পর এটি কস্তার পঞ্চম গোল। অ্যাটলেটিকো এগিয়ে যায় ১-০ গোলে।
৪২ মিনিটে নিজের প্রথম গোলে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। সেভিয়ার এক ডিফেন্ডারের ক্লিয়ার করতে যাওয়া হেডে বল বক্সের সামনে পেয়েছিলেন গ্রিজমান। সেখান থেকে তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) বক্সের ভেতর কস্তাকে ফাউল করেন সেভিয়ার গোলরক্ষক। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটা করেন গ্রিজমান।
৬৫ মিনিটে সেভিয়া ডিফেন্ডারদের ভুলে অ্যাটলেটিকোর চতুর্থ গোলটা করেন কোকে। আর ৮১ মিনিটে ছয় গজ বক্সের সামনে থেকে সহজেই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন গ্রিজমান। স্কোরলাইন তখন ৫-০! ৮৫ ও ৮৯ মিনিটে পাবলো সারাবিয়া ও নলিতোর গোল শুধু সেভিয়ার পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা সাতে নামিয়ে আনল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে বার্সেলোনার ৬৫ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর ৫৮ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেভিয়া।