স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। তার আগে হয়েছে ট্রফি উন্মোচন। দুবাইতে ছয় দলের অধিনায়ক ও কর্মকর্তাদের সামনে উন্মোচন করা হয় পিএসএলের তৃতীয় আসরের ট্রফি।
গেল আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি ট্রফিটি বহন করে নিয়ে আসেন। এরপর সবার উপস্থিতিতে উন্মোচনা করা হয় ট্রফিটি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য দারুণ একটি দিন। পাকিস্তানের ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন। আমি পিএসএলের তৃতীয় আসরে অংশ নেওয়া দলগুলো ও তাদের অধিনায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামির প্রশংসা করে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার পাকিস্তানের প্রত্যেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সে আমাদের ঘরের মানুষের মতো আপন।’
লাহোর কালান্দার্সের অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালামের প্রশংসা করে বলেন, ‘নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক আমার দেখা অন্যতম সেরা ক্রিকেটার। আশা করব তিনি পাকিস্তানে দল পাঠাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বোঝাতে সক্ষম হবেন।’
করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিমের বিষয়ে তিনি বলেন, ‘আমার চোখে ইমাদ এমনই একজন ক্রিকেটার যে ভবিষ্যতে পাকিস্তানকে নেতৃত্ব দিবে।’
আগামীকাল ২২ ফেব্রুয়ারি হবে পিএসএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও নতুন দল মুলতান সুলতানস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

