স্পোর্টস ডেস্ক : লিভারপুলের হয়ে নিয়মিত গোল পাওয়া মোহাম্মদ সালাহ গোল পেয়েছেন গতকাল রাতেও। তার সঙ্গে সাদিও মানের দারুণ হ্যাটট্রিক ও রবার্তো ফিরমিনহোর গোলে পোর্তোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আর প্রতিপক্ষের মাঠে এমন দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গতকাল রাতে এস্তাদিও দো দ্রাগাওয়ে লিভারপুলকে স্বাগত জানায় পোর্তো। পর্তুগিজ ক্লাবটির মাঠেই খুনে চেহারায় দেখা গেল অলরেডসদের।
শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা লিভারপুল নিজেদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৫ মিনিটে। এসময় জর্জিনিয়ো ভিলালডামের পাস থেকে পোর্তোর জালে বল পাঠান সাদিও মানে।
২৯তম মিনিটে লিভারপুলের ব্যাবধান দিগুণ করেন মোহাম্মদ সালাহ। জেমস মিলনারের শট পোস্টে লেগে ফিরে আসলে বল পেয়ে যান সালাহ। সেটি পেয়ে দারুণ দক্ষতায় বাঁ-পায়ে বল স্বাগতিকদের জালে পাঠান মিশরীয় এ তারকা ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে এবারের আসরে এটি তার ষষ্ঠ গোল। আর সব প্রতিযোগিতায় এ মৌসুমে সালাহর মোট গোল হলো ৩০টি।
বিশ্রামে শেষে মাঠে নেমে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাদিও মানে। ম্যাচের ৫৩ মিনিটে রবার্তো ফিরমিনহোর শট গোলরক্ষক শুরুতে ফেরালেও ফাঁকা জায়গায় ফিরতি বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে।
লিভারপুলের গোল উৎসবের রাতে সতীর্থদের গোলে অবদান রাখা ফিরমিনহোও পোর্তোর মাঠে গোল করা থেকে বাদ যাননি। ম্যাচের ৬৯ মিনিটে নিজের কাঙ্খিত গোলের দেখা পান ব্রাজিলিয়ান এ তারকা। মিলনারের পাস থেকে এ গোলটি করেন তিনি। আর ম্যাচের ৮৫ মিনিটে নিজের তৃতীয় গোলটি পেয়ে যান মানে। ড্যানি ইঙ্গসের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে নিচু শটে হ্যাটট্রিক পূরণ করে সেনেগাল তারকা মানে। তার এ গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থাকার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

