স্পোর্টস ডেস্ক : সিকান্দার রাজার লেগ স্টাম্পের বলটা স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবী। আর এই ছক্কায় আফগানিস্তানের এই ব্যাটসম্যান ছুঁলেন দারুণ এক মাইলফলক। আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করেছেন মোহাম্মদ নবী।
মাইলফলক ছুঁতে রোববার শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ নবীর প্রয়োজন ছিল ২৮ রান। রাজাকে ওই ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ২৩ থেকে ২৯ রানে পৌঁছে যান ডানহাতি ব্যাটসম্যান। পরের ওভারে আউট হওয়ার আগে করেন ৩১ রান।
৮৮ ম্যাচে মোহাম্মদ নবীর রান এখন ২০০৩। ৬০ ম্যাচে ১৯৫২ রান নিয়ে দুই হাজারি ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় আছেন মোহাম্মদ শাহজাদ। ৭১ ম্যাচে ১৬০২ রান নিয়ে তৃতীয় স্থানে আছে শামিউল্লাহ শেনওয়ারি।
মোহাম্মদ নবীর মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য আফগানিস্তান হেরেছে। ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে আফগানদের ১৫৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে জিম্বাবুয়ে।

