বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবত নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল রাজপুত করনি সেনা। সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে সংগঠনটি। পরবর্তী সময়ে এটির মুক্তি নিয়ে তৈরি হয় নানা জটিলতা। যদিও এখন সিনেমার ব্যাপারে সকল আপত্তি তুলে নিয়েছে সংগঠনটি।
পদ্মাবত’র পর এবার কঙ্গনা রাণৌতের মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি সিনেমার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে সর্ব বাহ্মণ মহাসভা নামের একটি সংগঠন। বাহ্মণদের এ সংগঠনটির অভিযোগ কঙ্গনার এ সিনেমাটিতে ইতিহাস বিকৃতি করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্ব বাহ্মণ মহাসভার প্রেসিডেন্ট পণ্ডিত সুরেশ মিশ্রার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে সিনেমাটির প্রযোজক কমল জেইনের বরাবর একটি সতর্কতামূলক চিঠি প্রেরণ করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে, সিনেমার গল্প কেমন, এটি কোনো গ্রন্থ অবলম্বনে তৈরি কিনা এবং সিনেমায় কী ধরণের গান ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নির্মাতার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
পণ্ডিত সুরেশ মিশ্রা জানান, যদি সরকার এ বিষয়ে হস্তক্ষেপ না করেন তা হলে বাহ্মণ মহাসভা সিনেমার শুটিং বন্ধ করে দিবে এবং সরকার এ জন্য সম্পূর্ণ দায়ি থাকবে।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈর জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। সিনেমাটি পরিচালনা করছেন কৃষ। চলতি বছরের জুনে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

