নিজস্ব প্রতিবেদক : নাটকীয় ব্যাটিং ধসে ঢাকা টেস্টে ২১ বল আর ৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১১০ রানে। যেটি আবার গত ১০ বছরে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান।
বাংলাদেশের শূন্য রানে শেষ ৫ উইকেট হারানোর বিব্রতকর ঘটনাও আছে। ২০১৩ সালের এপ্রিলে হারারে টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৩৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০২ রান। সেখান থেকে দ্রুতই স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১২৪, ২২ রানে নেই ৪ উইকেট।
তখনো কে জানত, সামনে আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে! দলীয় ১৩৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান মুশফিকুর রহিম। সেই ১৩৪-এ দাঁড়িয়েই ফিরে যান নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন আর সোহাগ গাজীও! মানে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ!
একই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছিল মাত্র ১৫ রানে। ম্যাচটা বাংলাদেশ হেরেছিল ৩৩৫ রানের বিশাল ব্যবধানে। ঢাকা টেস্টের ফল হবে, সেটা সময়ই বলে দেবে!

