বিনোদন প্রতিবেদক : বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনে ‘মিস ওয়ার্ল্ড’ -এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তিনি। এবার ‘ব্যাচেলর ডটকম’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
গত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলের পিয়াংকা শুটিং স্পটে নাটকটির শুটিংয়ে অংশ নেন জেসিয়া। এ প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, ‘ব্যাচেলর ডটকম ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি। অভিনয়ের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। প্রথমে একটু ভয় ভয় লাগছিল। আবার ভালোও লাগছিল। সব মিলিয়ে কাজটি ভালোভাবেই করছি। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। এ ছাড়া চলচ্চিত্রে কাজ করারও ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলেই কাজ করব।’
শুটিংয়ে জেসিয়া ছাড়াও অংশ নেন জনপ্রিয় অভিনেতা কচি খন্দকার। এ ছাড়াও এতে আরো অভিনয় করছেন তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন আফরোজ, তুলনা আল হারুন, তানিয়া বৃষ্টি, ফারজানা রিক্তা, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু ও কাজী উজ্জ্বল। এর আগে এ নাটকে যুক্ত হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ এর প্রথম রানার আপ জাহারা মিতু।

