টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারালেন আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা। তিনি সিমেন্টের খুঁটির ব্যবসায়ী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চার মাস আগে পৌরসভার ৬নং ওয়ার্ডে গড় গোবিন্দপুর গ্রামের শেখ আবদুল বারেকের ছেলে শেখ জাহাঙ্গীর আলম আবুল হোসেনের দোকান থেকে বাকিতে ১০ হাজার টাকার খুঁটি বানিয়ে নিয়ে যান। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় মঙ্গলবার সকালে আবুল হোসেন জাহাঙ্গীরের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় জাহাঙ্গীর আবুল হোসেনকে পৌর এলাকার রেনাজ সিনেমা হল সড়কের গ্রামীণ টাওয়ারের কাছে নিয়ে যান।
সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জাহাঙ্গীর বৃদ্ধ আবুল হোসেনকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে আবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে জাহাঙ্গীর পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, ‘নিহতের দুই হাত, পা ও তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

