নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টিকে অনেকেই সংসদের গৃহপালিত বিরোধী দল বলে মন্তব্য করেন। এটা শুনলে দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের খারাপ লাগে। জাতীয় পার্টি আর আগের মতো নেই জানিয়ে এরশাদ বলেন, ‘অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে। ঘটনা ঘটে গেছে, কিছু করা যাবে না। আমার খারাপ লাগে। তবে জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে।’
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এরশাদ এসব কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয়।
মৃত্যুর আগে নিজ হাতে গড়া জাতীয় পার্টিকে (জাপা) আবার ক্ষমতায় দেখে যেতে চান এরশাদ। বলেন, ‘আমার যা ছিল শেষ হয়ে গেছে। পথের ভিখারি আমি এখন। মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি সরকার গঠন করেছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দেশে গুম-খুন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়।’
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি বড় আকারের সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থক জড়ো করতে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বাজেট ধরা হয়েছে বলে জানান এরশাদ।
এরশাদ বলেন, ‘আমাদেরকে এই বাজেট সংগ্রহ করতে হবে। দেখাতে হবে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট। দূর-দূরান্ত থেকে মানুষ আসবে। লঞ্চ ভাড়া করতে হবে। বাস ভাড়া করতে হবে, ট্রেন ভাড়া করতে হবে।’

