
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র তত্ত্বাবধানে সিলেট ও মৌলভীবাজারে চলমান বিভিন্ন প্রদর্শনীর অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক; এ সময় প্রকল্প সংশ্লিষ্টসহ স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র তত্ত্বাবধানে সিলেট ও মৌলভীবাজারে চলমান বিভিন্ন প্রদর্শনীর অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হকসহ সংশ্লিষ্টরা। গত ১৩ জানুয়ারি সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় চলমান কার্পজাতীয় মাছের মিশ্র চাষ এবং খাঁচায় মাছ চাষের প্রদর্শনী পরিদর্শন করেন।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্প পরিচালক মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের দেওয়াননগর গ্রামে স্থাপিত প্রকল্পের সুফলভোগী হাজী ফারুক আহমেদের কার্পজাতীয় মাছের মিশ্র চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় মৌলভীবাজারের মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস আকন্দ, উপ-প্রকল্প পরিচালক ড. মো. রুহুল আমীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন তারা একই উপজেলার কাগাবোনা ইউনিয়নের কাগাবোনা গ্রামে প্রকল্পের সুফলভোগী আব্দুল করিমের খাঁচায় মাছ চাষ প্রদর্শনী পরিদর্শন করেন।
একই দিন সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রকল্পের সুফলভোগী অনিল চন্দ্র দাসের খাঁচায় মাছ চাষের প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় প্রকল্প পরিচালকের সাথে জেলা মৎস্য কর্মকর্তা, উপ-প্রকল্প পরিচালক, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কার্যক্রম পরিদর্শনকালে প্রকল্প পরিচালক সুফলভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় তিনি প্রকল্পের নীতিমালা অনুযায়ী সঠিকভাবে মৎস্য চাষ প্রযুক্তি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট চাষি এবং উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিদের্শনা প্রদান করেন।

