
বাগেরহাট সদর মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত ‘উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন’ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র তত্ত্বাবধানে বাগেরহাট সদরে চাষিদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গত সোমবার (১৪ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। বাগেরহাট সদর মৎস্য বীজ উৎপাদন খামারে ২৫ জন চাষিকে ‘উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন পদ্ধতি’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
গত ১০ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিত কুমার পাল, বাগেরহাটের জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, সংশ্লিষ্ট মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ফিরোজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ও মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট মীর শওকাত আলী বাদশা তার বক্তব্যে বলেন, বাগেরহাট নোনা পানির মাছের অঞ্চল হলেও উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন রুইজাতীয় মাছের পোনা উৎপাদন সম্ভব হলে এ অঞ্চলে মিঠা পানির মাছের বিপ্লব ঘটানো সম্ভব। এ জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সময় প্রশিক্ষণের আয়োজনকারী এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর চাষিরা মাছের অন্তঃপ্রজননের সমস্যাগুলো থেকে উত্তরণ করতে পারবেন। ফলে রুইজাতীয় মাছের কাক্সিক্ষত উৎপাদন সম্ভব হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সবাই স্থানীয় পোনা ব্যবসায়ী। প্রশিক্ষণ কর্মসূচিতে উন্নত ব্রুডের পোনা কোথায় পাওয়া যায়, কিভাবে উন্নত ব্রুড উৎপাদন করতে হয়, অন্তঃপ্রজননের সমস্যাসমূহ ও তার সমাধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

