নিজস্ব প্রতিবেদক : ‘সারা বছর বসজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য-অর্থ আসে’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সবজি মেলা শুরু হয়েছে। ৩দিনব্যাপি এ মেলা আজ রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ।
সবজি মেলায় এবার প্রায় ১০০ এর অধিক রকমের সবজি প্রদর্শিত হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৮০টি স্টল ও ৪টি প্যাভেলিয়ন স্থান পেয়েছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ৩য়বারের মত কৃষি মন্ত্রণালয় আয়োজিত সবজি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি র্যালি, সেমিনার, জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হরেক রকমের সবজি দেখার পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন মেলায় আসা দর্শনার্থীরা। বাংলাদেশে চাষ হয় এমন ১৫৬ ধরণের সবজি সনাক্ত করা হয়েছে।
এদিন সকালে অডিটরিয়ামে পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে বছরব্যাপী নিরাপদ সবজি চাষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুল আজিজ। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
নৌপরিবহন মন্ত্রী বলেন, শাকসবজি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণের অন্যতম প্রধান উৎস। আমাদের দেহকে কর্মময়, সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যান্য খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকতে হবে। নিরাপদ শাকসবজি ফলমূল উৎপাদনে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং সেই সাথে উৎপাদনকারী কৃষক, বিপণনকারী ও ভোক্তা পর্যায়েও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বরোপ করেন তিনি। তিনি বলেন, শাকসবজির প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এতে সারা বছর পুষ্টি চাহিদা পূরণের সাথে অধিক লাভবান হওয়া সম্ভব। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য সরকার সদা সচেষ্ট রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

