ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সংসদীয় স্থায়ী কমিটির

Link Copied!

সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন; এ সময় কমিটির সদস্যসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তারা সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনসহ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের নেতৃত্বে প্রকল্পসমূহের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন কমিটির সদস্য আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
পরিদর্শনের প্রথম দিনে ৪ জানুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ব্লকে কৃষক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত আমবাগান, সাথী ফসল (ধনিয়া, পিঁয়াজ, লালশাক, মিষ্টি কুমড়া, কলা, বেগুন) প্রযুক্তি, সেক্স ফেরোমন ট্র্যাপ পদ্ধতি এবং জৈব সার ব্যবহার পদ্ধতি পরিদর্শন করেন। এ সময় তারা কৃষকের সাথে প্রকল্প সংশিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাদেরকে উৎসাহিত করেন এবং এই প্রযুক্তিগুলো অন্যান্য কৃষকের কাছে ছড়িয়ে দেয়ার পরামর্শ দেন। পরবর্তীতে মাধবপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক স্থাপিত মাঠ পর্যায়ে সম্প্রসারণযোগ্য শতাধিক কৃষি প্রযুক্তি বিশিষ্ট প্রদশর্নী স্টল পরিদর্শন করেন। কৃষি প্রযুক্তি স্টলগুলোর মধ্যে পাহাড়ে কনটোর পদ্ধতিতে ফসল চাষ, ভাসমান সবজি চাষ, বীজ সংরক্ষণ পদ্ধতি, সেচ ব্যবস্থাপনা, আইএফএমসি প্রকল্প, অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি, অগ্রসরমান কৃষকের তরমুজ চাষ, খামার যান্ত্রিকীকরণ প্রযুক্তি উপস্থাপন করা হয়। এরপর হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাল্টা বাগান পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন। দিনের শেষাংশে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ইউসুফপুর ব্লকে হাইল হাওরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রাইস্ ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ শেষে উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন।
সফরের দ্বিতীয় দিন উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর সবজি গ্রাম পরিদর্শন। এরপর তারা স্থানীয় মনিপুরী গোষ্ঠীর নিজস্ব কৃষি কালচার কুটির শিল্প ও পিঠাপুলি উৎসবে অংশগ্রহণ শেষে কৃষি প্রযুক্তি স্টল প্রদর্শনী করেন। রাণীবাজার এলাকায় কৃষি বিপণন অধিদপ্তরের কুলিং সেন্টার পরিদর্শন শেষে রাজনগর উপজেলায় সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত আম বাগান, এই প্রকল্পের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় সবরি কলাবাগান, এনএটিপি প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পরিদর্শন করেন। এছাড়া, বিএডিসি’র সিলেট জেলার ইসলামপুরে অবস্থিত বীজ উৎপাদন খামারও পরিদর্শন করেন তারা।
পরিদর্শনের ৩য় দিন সিলেট জেলার কৃষি বিপণন অধিদপ্তরের অফিস কাম প্রসেসিং এন্ড ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর গোয়াইনঘাট উপজেলার আলীগাঁও ব্লকে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর জৈন্তাপুর উপজেলায় লামনীগ্রাম ৫-কিউসেক এলএলপি সেচ স্কীমে ভূ-গর্ভস্থ সেচনালা পরিদর্শন করেন।
সরেজমিন পরিদর্শনকালে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলো থেকে অব্যাহত সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য প্রকল্পের সাথে যুক্ত কৃষক-কৃষাণি এবং সুফলভোগিরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ডিএই’র মহাপরিচালক মো. আব্দুল আজিজ, পরিচালক (সরেজমিন) মো. আব্দুল হান্নান, পরিচালক (পরিকল্পনা ও আইসিটি) মীর নূরুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল হায়দার এনডিসি, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব শেখ মনিরুল ইসলাম, ডিএই’র সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওহিদুজ্জামান, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট আরো অনেকে স্থায়ী কমিটির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।