নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার কথা জানিয়েছেন দলটির নেতা আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার রাজধানীতে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে পুস্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া দেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন, ‘যখন দেশের মানুষ এগিয়ে আসছে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে মনস্থির করেছে, তেমন সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে শাস্তি প্রদানের চক্রান্ত চলছে। কয়েক দিন ধরেই সেটা আমরা লক্ষ করছি।’
‘আমরা মনে করি রাজনীতিতে ষড়যন্ত্র আছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকে, কিন্তু এই ষড়যন্ত্র আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তাকে জনবিচ্ছিন্ন করার অপপ্রয়াস। আমরা এই অপপ্রয়াসের বিরুদ্ধে লড়ে যাবো।’
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র চায়। যে গণতন্ত্রের জন্য লড়াই করে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। আজকে আবার নতুন করে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে হচ্ছে। নতুন করে আমাদেরকে মানবাধিকার সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে।’
এ সময় নোমান অভিযোগ করেন, সরকার আবারো ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
সরকারকে উদ্দেশ্য করে দলটির এই শীর্ষ নেতা বলেন, ‘স্বৈরাচার আইয়ূব খান, ইয়াহিয়া খানও পরাজিত হয়েছে। তাদের বন্দুক-রাইফেল কোনো কাজে আসে নাই। এরশাদ ক্ষমতায় থাকার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এখণ গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীতে আমরা জনগনকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, কৃষক দলের সহ-সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এম এ তাহের, নাজিম উদ্দীন মাস্টার, এ কে এম মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলিম প্রমুখ।

