
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে রাজশাহীতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন উপ-প্রকল্প পরিচালক (রাজশাহী বিভাগ) মো. রেজাউল করিম; এ সময় প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হকসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের মতবিনিময় সভা আজ ২৬ ডিসেম্বর রাজশাহীস্থ উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৭-১৮ অর্থবছরে রাজশাহী জেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (রাজশাহী) সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (রাজশাহী বিভাগ) মো. আব্দুল ওয়াদুদ। ইউনিয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (রাজশাহী বিভাগ) মো. রেজাউল করিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী জেলার ৯টি উপজেলা এবং ২টি খামারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যাবস্থাপক, সহকারি মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারি (ফিল্ড এসিস্ট্যান্ট), লিফ (স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি)সহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী জেলায় প্রকল্পের ফলাফল প্রদর্শনী, সিবিজি (কমন বেনিফিশিয়ারি গ্রুপ) প্রদর্শনী এবং লিফদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে প্রকল্প কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের পরামর্শ ও করণীয় সম্পর্কেও অবহিত করা হয়।

