
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : নওগাঁয় মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) মতবিনিময় সভা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি অর্থবছর নওগাঁ জেলায় প্রকল্প কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (রাজশাহী বিভাগ) মো. রেজাউল করিম এবং জেলা মৎস্য কর্মকর্তা (নওগাঁ) মো. আব্দুল হান্নান।
মতবিনিময় সভায় নওগাঁ জেলায় প্রকল্পের ফলাফল প্রদর্শনী এবং সিবিজি (কমন বেনিফিশিয়ারি গ্রুপ) প্রদর্শনীর কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া লিফদের (স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি) বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, ফিল্ড এসিস্ট্যান্ট (ক্ষেত্র সহকারি)সহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের নানামুখী কার্যক্রম ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে ইতোমধ্যে মাছের উৎপাদন আশাতীত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেসব প্রকল্পের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের উন্নয়নমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে ইউনিয়ন প্রকল্পটি উল্লেখযোগ্য। এ প্রকল্পের তত্ত্বাবধানে স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নত মৎস্যচাষ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন কাক্সিক্ষত পর্যায়ে বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে মৎস্যচাষ ও বিভিন্ন মৎস্য সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, লিফ এবং স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে মাঠপর্যায়ে স্থায়িত্বশীল সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়নভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণ পদ্ধতি প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানা গেছে।

