নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ‘সরকারের লোকেরা’ কারচুপির মাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয়ী করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রসিক নির্বাচন নিয়ে পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এসে এই সন্দেহ প্রকাশ করেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘যেহেতু ভোটার উপস্থিতি কম তাই এখন দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায় সরকারের লোকেরা কারচুপির মাধ্যমে ব্যালট পেপারে সিল মেরে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার আয়োজন করছে কি না, সেটি বৃহৎ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আপনাদের কাছে বলেছি, সরকার নানাভাবে সিটি করপোরেশনের ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তারই প্রতিফলন ঘটলো আজকের সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের টার্ন আউটের মধ্য দিয়ে।’
ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কারণেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার একেবারেই কম বলে দাবি করেন রিজভী।তিনি বলেন, ‘আমরা পূর্বেই বলেছি, ভোটচুরি দুইভাবে হতে পারে। একটি হলো ভোট সন্ত্রাসের মাধ্যমে অন্যটি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আজকে রংপুর সিটি নির্বাচনে দুই পদ্ধতিই প্রয়োগ করেছে ভোটারবিহীন সরকার।’
নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে পারেনি অভিযোগ করে রিজভী বলেন, ‘নির্বাচন শুরুর পর থেকে শেষ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম ও কেন্দ্রদখলে সেটিরই বাস্তবতা ফুটে উঠেছে। ফতেপুর স্কুল এবং দেউডোবা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। ভোট দিতে ব্যাপকভাবে বাধা দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ছাড়া কেল্লাবন্দ ভোটকেন্দ্রও সন্ত্রাসী কায়দায় দখলে নিয়ে কিছু সময় ব্যালট পেপারে সিল মারা হয়। অন্যান্য কেন্দ্রগুলোতেও বিএনপিসমর্থিত এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারার খবর পাওয়া গেছে।’

