পাবনা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কি হবে তা বিচারকরা জানেন। আদালতের বিচারে যা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে তার মামলা ঘিরে দেশে অস্তিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহরে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে নিরাপত্তাবাহিনী কাজ করছে। তবে এখনো সম্পূর্ণরূপে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা যায়নি। আমরা জনগণের সহায়তায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছি।’
এর আগে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, র্যাব-১২ এর সিও সেলিম মো. জাহাঙ্গীর, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমসহ অনেকে।
পরে মন্ত্রী ভাঙ্গুড়া থানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এ ছাড়া জেলার ফরিদপুরে নবনির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করেন।

