নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শুক্রবার বাদ আসর লালদিঘি ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নামে চট্টগ্রামে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এর আগে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

