ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তফ্রন্টের ‘দায়িত্বশীল ভূমিকা’ চায় বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রাক্তন মহাসচিব বদরুদ্দোজা চৌধুরীকে আহ্বায়ক করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আত্মপ্রকাশ করা জোট ‘যুক্তফ্রন্ট’ থেকে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা’ আশা করে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও শাসন প্রতিষ্ঠা করতে নতুন এই জোট (যুক্তফ্রন্ট) দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ গণতন্ত্র ফিরিয়ে আনতে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। ফ্যাসিস্ট সরকারকে হটাতে এর বিকল্প নেই’, বলেন তিনি।
সোমবার রাতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে প্রধান করে নতুন রাজনৈতিক জোট গঠিত হয়েছে। নতুন এই জোটের নাম ‘যুক্তফ্রন্ট।’ বিকল্পধারা, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ এই চার দল নিয়ে এ জোট গঠিত হয়েছে।
তবে এই জোটে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম নেই। জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন নতুন ফ্রন্টের নীতি ও ঘোষণাপত্র পাঠ করেন। জোটের গঠন কাঠামো ও কার্যপদ্ধতি পরে ঠিক করা হবে। ‘নিরপেক্ষ সরকারের অধীনে’ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করাই জোটের প্রথম কাজ ঠিক করা হয়েছে বলে বি চৌধুরী জানিয়েছেন।
নতুন জোট যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ২০ দলীয় জোট গঠন করা হয়েছিল-তখনই আমরা বলেছিলাম, এই জোটে গণতন্ত্র বিশ্বাসী বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার পক্ষের দলগুলোকে স্বাগত জানাই।’ মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই যৌথসভার আয়োজন করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচনে বিএনপি অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল গণমাধ্যম কর্মীদের জানান, তার দলে এখনো এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। হলে পরবর্তীতে তা জানানো হবে।
তিনি বলেন, ‘আমরা সবসময় স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছি। তবে সেগুলো কেমন হয়েছে তা সবাই দেখেছে। এজন্যই আমরা বলছি, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। স্থানীয় নির্বাচনগুলোতে তা প্রমাণিত হয়েছে।’
‘আমরা নির্বাচন চাই, তবে সেটি হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে। যেখানে আওয়ামী লীগ সরকার থাকবে না। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদে থাকবেন না। সম্পূর্ন নিরপেক্ষ সরকার থাকবে।’
হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে জাতীয় পার্টির জোট গঠনের সম্ভবনা আছে কি না-এ প্রশ্নের জবাবে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ যদি জামায়াতে ইসলামী এবং অন্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট করতে পারে, তাহলে বিএনপির জাতীয় পার্টির সঙ্গে জোট হতেও তো পারে। নাথিং ইজ ইম্পসিবল।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতের হাজিরা দিয়ে ফেরার পথে নেতা-কর্মীর ওপর পুলিশ হামলা করেছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি জানান, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বিএনপি মহাসচিব অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।