নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে মিথ্যাচার না করে সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচনে আসার আহবান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনে না এলে কেউ কারো জন্য অপেক্ষা করবে না। সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই যারা নির্বাচনে না আসবে তারা খসে পড়বে।
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আগামী নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের নেতৃত্বে, সংবিধান মোতাবেক। সংবিধান অনুসারে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মন্ত্রি¿সভা থাকবে ছোট আকারের সেটি শুধু দৈনন্দিন কাজ করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করে শুধু সেই দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের নির্বাচন করার সম্পূর্ন দায়িত্ব নির্বাচন কমিশনের থাকবে।’
মন্ত্রী বলেন, ‘যারা স্বপ্ন দেখছেন, মিথ্যাচার করে বেড়াচ্ছেন যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই তারা এ সরকারকে মানে না। অতীতেও বলেছেন কিন্তু দেশের জনগণ তা মানেনি। এ সমস্ত কথা না বলে সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান মন্ত্রী।’
তিনি বলেন, ‘একটা দল মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করে আমাদের বিরোধীতা করেছিল। আর সে দল হচ্ছে জামায়াতে ইসলামী। তারা আজ পর্যন্ত কোনোদিন তাদের কর্মকা-ের জন্য দু:খ প্রকাশ করেনি যে, ১৯৭১ সালে তাদের যে ভূমিকা ছিল তা ভুল ছিলো। তারা জাতির কাছে ক্ষমা চায়নি।’
তাদের রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনতিবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত।’
কাউন্সিলের মহাসচিব ইসমত কাদির গামার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মো. সালাউদ্দিন, আমির হোসেন মোল্লা, জিয়াউর রহমান জিয়া, ডা. ফজলে আলী, মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা ও সোহ্রাওয়ার্দী উদ্যানে শিখা অনির্বানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবিতে একই সময়ে পাশেই আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করেন মন্ত্রী। এরপর তিনি একটি সংক্ষিপ্ত মিছিলে অংশ নেন।

