নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে বিদ্যুতের মুল্যবৃদ্ধির সরকারি ঘোষণাকে অযৌক্তিক ও একপেশে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির পলিটব্যুরো সোমবার এক বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আহুত দফায় দফায় গণশুনানিতে ভোক্তাদের পক্ষ থেকে বিদ্যুতের দাম কমানোর পক্ষে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে যে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছিল, তা কোনোভাবেই খণ্ডন করতে পারেনি বিইআরসি কর্তৃপক্ষ। একপর্যায়ে বিইআরসি ভোক্তাদের বক্তব্য ও যুক্তি মেনে নিয়েছে বলে মনে হয়েছিল। কিন্তু ভোক্তাদের সব যুক্তিকে অগ্রাহ্য করে বিইআরসি গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দিল।
বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যুতের আরেক দফা এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর যেমন আর্থিক চাপ তৈরি হবে, তেমনই দ্রব্যমূল্যও বেড়ে যাবে। যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে জনজীবনে সংকট তৈরি করবে।

