স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত দেখা যায় না স্পিনার ইয়াসির শাহকে। তবে চলতি বছর বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটে দেখা যাবে তাকে। বিকল্প ক্রিকেটার হিসেবে ইয়াসিরের সঙ্গে চুক্তি করেছে ব্রিসবেন হিট।
বিগ ব্যাশে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন ইয়াসির। এর আগে পাকিস্তান দলে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এ লেগ স্পিনারের ঘূর্ণি জাদুর কথা সবাই জানে। খেলোয়াড় ড্রাফটে ইয়াসির ব্রিসবেন হিটের দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড়। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার সাদাব খান।
পাকিস্তানের আসন্ন নিউজিল্যান্ড সফর বিগ ব্যাশ টুর্নামেন্টের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে। এজন্য সাদাব খানকে নিয়মিত দেখা যাবে না। তবে ব্রিসবেট হিটের কোচ ড্যানিয়েল ভেটরি, ইয়াসির শাহের ব্যাপারে নিশ্চিয়তা দিয়েছেন।
ব্রিসেবেন হিটের সঙ্গে চুক্তির পর পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে ভেটরি বলেন, ‘বিকল্প ক্রিকেটার হিসেবে ইয়াসির আমাদের সঙ্গে যোগ দিতে একমত হওয়ায় টুর্নামেন্ট নিয়ে আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা করতে পারব। সাদাব খান পাকিস্তান দলের জন্য আরও শক্তিশালী হতে যাচ্ছেন। আমাদের সঙ্গে চুক্তি থাকলেও বিগ ব্যাশ চলাকালেও জাতীয় দলের তাকে প্রয়োজন হতে পারে। তবে অভিজ্ঞ ইয়াসিরকে পাওয়ায় আমরা দল নিয়ে পরিকল্পনা সাজাতে পারবো।’

