নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় স্ত্রী ফাইমা আক্তার হত্যা মামলায় স্বামী মজনু মিয়ার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের আমৃতলা, উত্তরপয়ার মো. রহিস উদ্দিনের ছেলে। মজনু মিয়া ও ফাইমা আক্তার দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মজনু মিয়া তার স্ত্রী ফাইমা আক্তারকে নিয়ে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়ায় মনিরুল হকের বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ছিলো। ২০১৬ সালের ১৩ অক্টোবর মজনু মিয়া তার স্ত্রীকে বটি বা দা দিয়ে গলা কাটে। ফাইমার মরদেহ ঘরে রেখে মজনু পালিয়ে যায়।
ওই ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মজনুকে গ্রেপ্তার করা হয়। এরপর সে আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শাহজালাল মামলাটি তদন্ত করে গত ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৪ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার বিচারকাজ চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

