চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চিটাগং আইটি ফেয়ার-২০১৭।
চিটাগং চেম্বার এবং সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি ৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মেদ জানান, বিভিন্ন সেক্টর ও শিল্পের উন্নয়নে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সপো সেন্টারে বছরব্যাপী সেক্টর ভিত্তিক বিভিন্ন মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবার তিন দিনের চিটাগং আইটি এক্সপো-২০১৭ এর আয়োজন।
শনিবার থেকে ভারত ও বাংলাদেশের সর্বমোট ২৬টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মোট ৫১টি স্টল থাকবে। শনিবার মেলার উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
মেলায় নিয়মিত প্রতিষ্ঠানের বাইরে গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে নোকিয়া ও গোল্ড টেকনোলজি (বিডি)। এ ছাড়া প্রণোদনামূলক কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটিসহ (বিসিএস) ৩টি স্টল বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম জানান, দেশের প্রধান বন্দর চট্টগ্রামে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড এখানেই সবচেয়ে বেশি। দেশের বড় ইপিজেড, নতুন তিনটি ইকনোমিক জোন, বন্দরের সম্প্রসারণ হচ্ছে। এতে মাল্টিন্যাশনাল কোম্পানি ও বড় শিল্পগ্রুপ তাদের প্রধান কার্যালয় চট্টগ্রামে নিয়ে আসবে। ফলে নেক্সট টেকনো হাব গড়ে তোলার উপযুক্ত স্থান চট্টগ্রাম। মানুষের অন্যান্য অনুষঙ্গের মতো আইটিও এখন জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।
চট্টগ্রামকে টেকনো হাব করতে চেম্বার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে খাত ভিত্তিক মেলা আয়োজনের সুযোগ রাখা হয়েছে। এরই মধ্যে কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে ক্যালেন্ডার ইয়ার প্রকাশ করে নিয়মিত মেলার আয়োজন করা হবে।

