স্পোর্টস ডেস্ক : হতাশ হয়ে কয়েকদিন আগে বলেছিলেন, সম্ভব হলে অন্য দিশের হয়ে ক্রিকেট খেলবেন তিনি। আইপিলে স্পট ফিক্সিংয়ে অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ভারতের প্রাক্তন পেসার শ্রীশান্ত। সেই শ্রীশান্তই এবার আঙুল তুলেছেন ভারতীয় দলে খেলা অন্য ক্রিকেটারদের দিকে। তার দাবি, ‘অভিযুক্তদের অনেকেই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।’
স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সরাসরি নিজ দেশের ক্রিকেটারদের নাম না করলেও শ্রীশান্ত মূলত আঙুল তুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের দিকেই। শ্রীশান্ত বলেন, ‘তদন্ত চলাকালীন দিল্লি পুলিশ এমন অনেক ক্রিকেটারদের নাম উল্লেখ করেছে যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।’
এক সাক্ষাত্কারে অভিযুক্তদের নাম প্রকাশ না করে শ্রীশান্ত বলেন, বিসিসিআইয়ের অনুরোধেই বাকি অভিযুক্তদের নাম প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। ভারতীয় দলের ওপর এর প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা থেকেই শ্রীশান্ত, অঙ্কিত এবং অজিথ চণ্ডিলা বাদে আর কারোর নামই সামনে আনেনি ভারতের সর্বোচ্চ আদালত। ভারতীয় বোর্ড দ্বিচারিতা করছে বলে অভিযোগ শ্রীশান্তের। বাকিদের জন্য এক রকমের নিয়ম আর তার নিজের জন্য ভিন্ন নিয়মের কথা জানান তিনি।

