স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজে চলতি মাসেই মুখোমুখি হবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে প্রথম দুই টেস্টে থাকবেন না ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী ও বোলার স্টিভেন ফিন।
মূলত ইনজুরির কারণে অ্যাশেজের শুরুতে থাকছেন না ইংলিশ দুই তারকা ক্রিকেটার। শুক্রবার দলের এ দুই ক্রিকেটারের না থাকার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না মঈন আলী ও স্টিভেন ফিন। সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন আলী। অন্যদিকে হাঁটুতে সমস্যা রয়েছে স্টিভেন ফিনের।
বেন স্টোকসের পরিবর্তে অ্যাশেজে ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ফিন। কিন্তু প্রস্তুতি ম্যাচের আগেই তার ফিটনেস নিয়ে সবুজ সংকেত দেননি টিমের ডাক্তাররা।
সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগতে থাকা আলী নভেম্বরের মাঝামাঝি সময়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট অ্যাশেজের প্রথমটি আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে।

