স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বুধবার রাতটা দারুণ কেটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর। তিন দলের সবাই জিতেছে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলির মাঠে ৪-২ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পাশাপাশি দুই ম্যাচ হাতে রেখে ‘এফ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচে মারিবরকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।
প্রিমিয়ার লিগের আরেক দল টটেনহাম ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে। দুই ম্যাচ হাতে রেখে তারাও উঠেছে নকআউট পর্বে।
নাপোলির মাঠে ২১ মিনিটে ইনসাইনের গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। ৩৪ মিনিটে গোলটা শোধ করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।
দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিট) সিটি এগিয়েও যায় স্টোন্সের গোলে। কিন্তু সিটির এগিয়ে যাওয়ার আনন্দটা ৬২তম মিনিটে কেড়ে নেন জর্জিনহো। পেনাল্টি থেকে গোল করে তিনি স্কোরলাইন ২-২ করেন।
সাত মিনিট পরই রেকর্ড ভাঙা গোলে সিটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। এই গোলেই এরিক ব্রুককে ছাড়িয়ে সিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১৭৮ গোল) হয়ে গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটা করেন রাহিম স্টার্লিং।
অন্যদিকে অ্যানফিল্ডে লিভারপুল-মারিবর ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্যতায়। দ্বিতীয়ার্ধে তিন-তিনবার মারিবরের জালে বল জড়ায় স্বাগতিকরা। ৪৯ মিনিটে মোহাম্মদ সালাহ প্রথম, ৬৪ মিনিটে এমরে ক্যান দ্বিতীয় ও ৯০ মিনিটে ড্যানিয়েল স্টারিজ করেন দলের তৃতীয় গোল।

