খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তানভীর হোসেন রকি (২৯) নগরীর আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ বলছে, নিহত রকি হত্যা ও ডাকাতিসহ ১০-১২টি মামলার আসামি।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে জানান, প্রতিপক্ষের লোকজন তানভীর হোসেন রকিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহত রকি কেএমপি’র তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ১০-১২টি মামলা রয়েছে। তিনি নগরীর আলোচিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী।

