নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের হারিস চৌধুরী বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরজব্বর ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৬)। আহতদের একজন চরজব্বর এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রাতে হারিস চৌধুরী বাজারের কাছে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশার চার যাত্রী আহত হন। তাদের নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম ও জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

