নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার আরো ৩ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৩ সালে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় ৩টি নাশকতার মামলা পুলিশ দায়ের করেন।
এর আগে আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।
২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগে বাসে বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় মির্জা ফখরুলসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

