
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে নবীগঞ্জের কুর্শি কার্প হ্যাচারি কমপ্লেক্সে লিফদের ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : জেলার নবীগঞ্জের কুর্শি কার্প হ্যাচারি কমপ্লেক্সে ২৫ জন লিফের (স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি) ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম গত ২২ অক্টোবর সমাপ্ত হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি ও ব্যবস্থাপনা দেখতে গত ২০ অক্টোবর প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক সরেজমিন পরিদর্শন করেন। হ্যাচারি কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রে লিফদের উদ্দেশে তিনি পরামর্শমূলক বক্তব্য দেন। এ সময় উপ-প্রকল্প পরিচালক (সিলেট বিভাগ) মো. রুহুল আমীন, হ্যাচারি অফিসার এবং কোর্সের ২ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

প্রকল্পের মাঠ পরিদর্শনের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় নতুন স্থাপিত খাঁচায় মাছ চাষ প্রদর্শনী পরিদর্শন
একইদিন প্রকল্পের মাঠ পরিদর্শনের অংশ হিসেবে প্রকল্প পরিচালক ২৫ জন লিফকে সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলায় নতুন স্থাপিত খাঁচায় মাছ চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা (সুনামগঞ্জ) শংকর রঞ্জন দাস, উপ-প্রকল্প পরিচালক (সিলেট বিভাগ) মো. রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় মৎস্য বিভাগ জানায়, কুর্শি হ্যাচারি কমপ্লেক্সে মৎস্য বিভাগের মাঠকর্মীদের আবাসিক প্রশিক্ষণের জন্য কোন ট্রেনিং সেন্টার ছিল না। ইউনিয়ন প্রকল্পের আওতায় এখানে মাঠকর্মীদের জন্য একটি ডরমিটরি ভবন নির্মাণসহ অন্যান্য অব্যবহৃত স্থাপনাগুলোকে ব্যবহার উপযোগী করা হয়েছে। কমপ্লেক্সের অফিসার্স ডরমিটরি ভবনের নিচতলায় মাঠকর্মীদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। ২০১৫ সালে প্রকল্প থেকে ৯ লাখ টাকা ব্যয়ে এ সংস্কার কাজ করা হয়। এরপর থেকে এখানে লিফ এবং ফিল্ড এসিস্ট্যান্টদের আবাসিক প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে যা স্থানীয় মৎস্য বিভাগকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি এই খাতের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে।

