গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সৈকত টঙ্গীর দত্তপাড়ার টেকবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে।
টঙ্গী থানার এসআই আশরাফুল হাসান জানান, রাত ১০টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ির এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈকতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

