নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে যে আবেদন করেছিলেন, তাতে কী লেখা ছিল তা সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাষ্ট্রপতিকে লেখা প্রধান বিচারপতির ওই চিঠি আনিসুল হক বুধবার সচিবালয়ে প্রথমে সাংবাদিকদের পড়ে শোনান। পরে টিভি ক্যামেরার সামনে ওই চিঠি তিনি তুলে ধরেন এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওই চিঠির ছবি তোলার অনুমতি দেন।
পরে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের কাছ থেকে সাংবাদিকরা প্রধান বিচারপতির ছুটির আবেদনপত্রের ছবি তুলে নেন।
গত আগস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রধান বিচারপতির এক মাসের ছুটিতে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের চাপের মুখে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে।
এ অবস্থায় বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সামনে এসকে সিনহার সেই চিঠি তুলে ধরেন ।
রাষ্ট্রপতির কাছে লেখা প্রধান বিচারপতির ওই চিঠিতে বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশ্রামের জন্য ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন ছুটি কাটাতে চান তিনি।
আবেদনে প্রধান বিচারপতি লিখেছেন- ‘মহাত্মন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গত বেশ কিছুদিন যাবত নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতোপূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্ত প্রয়োজন। ফলে আমি আগামী ৩ অক্টোবর ২০১৭ খ্রি. হতে ১ নভেম্বর ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটি ভোগ করতে ইচ্ছুক।’
এতে আরও লেখা হয়েছে, ‘এমতাবস্থায় আগামী ৩ অক্টোবর ২০১৭ খ্রি. হতে ১ নভেম্বর ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত ৩০ (ত্রিশ) দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’ চিঠির নিচে প্রধান বিচারপতির স্বাক্ষর রয়েছে।
এস কে সিনহা ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
গত সোমবার (২ অক্টোবর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির জন্য আবেদন করেন। সোমবার বেলা ৩টার দিকে চিঠিটি রাষ্ট্রপতির কাছে পাঠান তিনি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের অবকাশের শেষ দিন ছিল সোমবার। এদিনই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে এক মাসের ছুটি চেয়েছেন বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী আনিসুল হক। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অসুস্থতাজনিত কারণে আগামী ৩ অক্টোবর হতে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি অনুমোদন করেছেন। প্রধান বিচারপতি ছুটিতে থাকাকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
সে অনুযায়ী মঙ্গলবার সকালে বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

