ঢাকাWednesday , 4 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের নিয়ে বিশেষ আর্কাইভ প্রতিষ্ঠার প্রস্তাব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে প্রচারিত বিভিন্ন সচিত্র প্রতিবেদন, নির্যাতনের চিত্র, ভিডিও ও পেপার ক্লিপিংসসহ তাদের বিষয়ে গৃহীত কার্যক্রমের চিত্র সংরক্ষণ করতে একটি বিশেষ আর্কাইভ প্রতিষ্ঠার প্রস্তাব করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার কমিটির ১৮তম বৈঠকে এ প্রস্তাব করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. মোজাম্মেল হোসেন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী অংশ নেন।
বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশ্ব পরিমণ্ডলে সত্য ঘটনা উপস্থাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে জানানোর বিষয়ে আলোকপাত করা হয়। কমিটি রোহিঙ্গাদের মধ্যে যারা এতিম এবং যারা গর্ভবতী তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে যথাযথ পরিবেশ নিশ্চিত এবং এ কার্যক্রমের গতি বেগবান করতে বৈঠকে সুপারিশ করা হয়। এ ছাড়াও রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে এবং তাদের সম্পর্কে করণীয় নির্ধারণের জন্য স্বল্প সময়ের মধ্যে স্থায়ী কমিটির সদস্য কর্তৃক সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, যথাযথ সমন্বয়ের মাধ্যমে মানবিকতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সকল বাহিনীর সদস্যদেরকে কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যাকে একটি দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয় এবং সে আলোকে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ঢাকা শহরকে যানজটমুক্ত করতে রাস্তা সম্প্রসারণ, নির্ধারিত স্থানসমূহের ভূমিতে ইউ লুপ নির্মাণ, ফুটপাতগুলো দখলমুক্ত করা, বাসস্টপগুলো যুক্তিসংগত জায়গায় পুনর্বিন্যাস করা, কোম্পানি বা কনসোর্টিয়ামের মাধ্যমে বাস পরিচালনা করা, নির্ধারিত সড়কসমূহে বে পদ্ধতি চালু এবং নির্মিত বাস টার্মিনালগুলোকে বহুতল বাস টার্মিনালে রুপান্তর করার সুপারিশ করা হয়। এ ছাড়া উল্টো রাস্তা ব্যবহারের ক্ষেত্রে ইতোমধ্যে ভিআইপিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং এ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
একই সঙ্গে বৈঠকে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
পরবর্তী বৈঠকের আগে র‌্যাবের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যাসমূহ চিহ্নিত করে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।