নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানকে ১৩৬ রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কা যখন দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামল তখন মাইলফলকের সামনে দাঁড়িয়ে রঙ্গনা হেরাথ। ৬ উইকেট পেলে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন হেরাথ।
এতো অল্প পুঁজি নিয়ে এমন রেকর্ডের চিন্তা করা কঠিন কাজ। কিন্তু হেরাথ যেন সেই চিন্তা করেই নেমেছিলেন এবং তার ভাগ্যে সেটিই লেখা ছিল। দিলরুয়ান পেরেরা পাকিস্তানের শেষ উইকেটটি নেওয়ার পরও সিদ্ধান্ত পাল্টে যায় নো বলের কারণে। ৩৩তম বারের মতো পাঁচ উইকেট নেওয়া হেরাথের সুযোগ চলে আসে ৬ উইকেট নেওয়ার।
আবু ধাবি টেস্টের শেষটা আসে হেরাথের হাত ধরে। মোহাম্মদ আব্বাসকে এলবিডব্লিউ করে শ্রীলঙ্কাকে ২১ রানের জয় এনে দেন হেরাথ। সেই সঙ্গে ৩৯৯ থেকে হেরাথ পৌঁছে যান ৪০০ উইকেটে। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে অনন্য এক রেকর্ড বুকে নিজের নাম লেখান ৩৯ বছর বয়সি হেরাথ।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া ১৪তম বোলার হেরাথ। ৮৪ টেস্টে হেরাথ এ মাইলফলক স্পর্শ করেছেন। এর আগে ৭২ টেস্টে মুত্তিয়া মুরালিধরন ৪০০ উইকেট নিয়েছিলেন।
এছাড়া প্রথম বোলার হিসেবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন হেরাথ। কপিল দেব পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৯৯ উইকেট।

