নিজস্ব প্রতিবেদক : বৃদ্ধ মা-বাবার অধিকার সুরক্ষায় পারিবারিক বৈষম্য কমানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন।
তিনি বলেন, ‘শ্বশুর-শাশুড়ির উচিত ছেলের স্ত্রীকে নিজের মেয়ের মতো করে দেখা। আর ছেলের বউয়ের উচিত শ্বশুর-শাশুড়িকে মা-বাবার মতো করে দেখা।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সুবিধাবঞ্চিত প্রবীণদের নিয়ে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুকালে সন্তানের জন্য আমি যা করেছি, বৃদ্ধকালে সন্তান পিতা-মাতার জন্য তাই করবে। এটা কোনো করুণা নয়, প্রাপ্য। সন্তান চাইলেই বৃদ্ধ মা-বাবা তাদের নাতি-নাতনি নিয়ে পরিবারেই থাকতে পারেন। তাদের ভরণ-পোষণ আইন একটি রিমাইন্ডার মাত্র।’
তিনি বলেন, ‘এই আইনের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই। বরং ধর্মীয় নেতারদের সংঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে।’
বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি সৈয়দ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এডিশনাল এমডি মাহবুব-উল আলম, সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম।
এ সময় প্রতিমন্ত্রী ফিতা কেটে ‘সভ্যতা’ নামের একটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

