
স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় নির্বাচিত স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি বা লিফদের দক্ষতা উন্নয়ন বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ফরিদপুরস্থ মৎস্য অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার পাল এবং ফরিদপুর মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউল হক। এছাড়া ২জন বিভাগীয় প্রশিক্ষকও উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক বলেন, এ প্রকল্পের কার্যক্রম শুরুর পরপরই লিফগণ প্রশিক্ষণ পেয়েছেন, এরপর তারা মাঠে ১ বছর কাজ করেছেন। কাজ করতে যেয়ে তারা বিভিন্ন বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যাগুলো পর্যালোচনা করে লিফগণ কিভাবে তা সমাধান করবেন সে বিষয়ে বাস্তবসম্মত ধারণা দিতেই এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন। লিফদের কর্মদক্ষতা উন্নয়ন ও বৃদ্ধিতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় লিফগণ তাদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব দিলে প্রকল্প পরিচালক তা বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী লিফগণ বলেন, তারা শুধু প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নেই সহযোগিতা করছেন না, তারা মৎস্য সংরক্ষণ আইন, জাটকা অভিযান, মা ইলিশ রক্ষাসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
জানা গেছে, প্রকল্পের মাধ্যমে চলতি ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের দেশব্যাপী বিভিন্ন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ ব্যাচে (প্রতি ব্যাচে ২৫ জন করে) ৩ হাজার লিফকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে ১৩টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্র জানায়, ইতোপূর্বে এ সকল লিফকে প্রথম দফায় ২০১৫-১৬ অর্থ বছরে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত এ লিফগণ মাঠ পর্যায়ে সাধারণ মৎস্য চাষিদের মৎস্য চাষ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন পর্যায়ে মৎস্য অধিদপ্তরের স্থায়ী কোন জনবল না থাকায় এই লিফগণ মৎস্য চাষ ও প্রযুক্তি সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

