স্পোর্টস ডেস্ক : গত আগস্টে পাওয়া গোড়ালির চোট থেকে সফলভাবেই সেরে উঠেছিলেন জন হ্যাস্টিংস। তবে পিঠের চোটের কারণে আবারও ছিটকে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ান এ পেসারকে। সদ্য পাওয়া এ চোটের জন্য ভিক্টোরিয়ার হয়ে ওয়ানডে কাপের শুরুতে খেলতে পারবেন না তিনি।
গত সপ্তাহে মেলবোর্নে নেটে বোলিং করার সময় পিঠে চোট পান হ্যাস্টিংস। এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। হ্যাস্টিংসের ইনজুরির কারণে অভিষেকের অপেক্ষায় থাকা জাভিয়ের ক্রোনকে বিকল্প খেলোয়াড় হিসেবে নিয়েছে ভিক্টোরিয়া।
হ্যাস্টিংসের চোট নিয়ে ভিক্টোরিয়ার টিম ফিজিও নিক অ্যাডকক জানান, ‘গত শুক্রবার মেলবোর্নে অনুশীলনের সময় দুর্ভাগ্যজনকভাবে পিঠে চোট পান জন। সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন তিনি। আগামী কয়েক সপ্তাহ ধরে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করবো। আশা করছি সে দ্রুত ফিরে আসতে পারবে এবং ওয়ানডে কাপে সিডনির ম্যাচগুলোতে প্রভাব ফেলতে পারবে।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন হ্যাস্টিংস। ২০১৬ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। গোড়ালির চোট থেকে পুরোপুরি মুক্ত হয়ে ভিক্টোরিয়ার প্রাক-মৌসুম প্রস্তুতির অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি।

