বিনোদন ডেস্ক : দেখতে দেখতে মিডিয়াতে চলার পথে একদশক পূর্ণ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকসানা আলী হিরা। প্রথম বাংলালিংক এবং একই সময়ে এয়ারটেলের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ শুরু করেন হিরা। সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। তবে ২০০৮ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ স্থানীয়দের একজন হন। সেই থেকে দেখতে দেখতে মিডিয়ায় পথ চলায় এক দশক পূর্ণ করেছেন হিরা। সম্প্রতি দুটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন এ পর্দাকন্যা। দুটি নাটকেরই নির্দেশক অভিনেতা জাহিদ হাসান। নাটক দুটির একটি প্রচার চলতি ‘রাজু ৪২০’ এবং অন্যটি নতুন ধারাবাহিক ‘ডন’। দুটি ধারাবাহিকেই তার চরিত্র খুব গুরুত্বপূর্ণ বলে জানান হিরা। পাশাপাশি তার অভিনীত ধারাবাহিক নাটক মুরাদ পারভেজের ‘রেডিও জকি’ এটিএন বাংলায় এবং অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘টাইম’ চ্যানেল নাইনে নিয়মিত প্রচার হচ্ছে। এদিকে আজ হিরার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই তার।
কারণ, পরের দিনই তিনি ‘রাজু ৪২০’ ধারাবাহিকের শুটিং-এর উদ্দেশ্যে সিরাজগঞ্জ রওনা হবেন। দীর্ঘদিন ধরে মিডিয়ায় পথ চলায় বেশকিছু চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পেয়েছেন হিরা। তবে কি শিগগিরই চলচ্চিত্রে অভিনয় করবেন আপনি? জবাবে হিরা বলেন, সত্যি বলতে কি অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি আমি। কিন্তু একটু বেশি বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছি না। আমি চাই আমার মনের মতো একটি গল্পের চলচ্চিত্রে কাজ করতে। কিছুদিন আগেও কিন্তু চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আমার ছিল না। কিন্তু এখন ইচ্ছে তৈরি হয়েছে। আমি চাই এমন একটি চলচ্চিত্রে কাজ করতে, যা আমাকে বর্তমান অবস্থান থেকে আমার পরিচয়ের পরিধি যেন আরো বাড়িয়ে দেয়; আমার অভিনয় নিয়ে যেন দর্শক আলোচনা করেন। শুধু তাই নয়, আমি যেন একটি চলচ্চিত্রে অভিনয় করেই থেমে না যাই, যেন আরো বেশ কয়েকটি ভালো চলচ্চিত্রে কাজ করতে পারি। অনেক ধন্যবাদ জাহিদ হাসান ভাইয়ের প্রতি, তিনি আমাকে তার দুটো নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ এদিকে আগামি ২৯শে সেপ্টেম্বর দুর্গাপূজায় সিনেমার গানে রাজধানীর বনানীর পূজাম-পে সিনেমার গানে পারফর্ম করবেন হিরা।

