ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবিক গুণাবলী থাকলে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেন খালেদা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানবিক গুণাবলী থাকলে সবকিছু ত্যাগ করে খালেদা জিয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘লন্ডনে বসে খালেদা জিয়া টুইটারে একটা বিবৃতি দিয়েছেন। তার এমনকি রোগ হয়েছে, যে কারণে দেশে আসতে পারছেন না? মানবিক গুণাবলী থাকলে সবকিছু ত্যাগ করে তিনি এখানে এসে গৃহহারা সর্বহারা মানুষের পাশে দাঁড়াতেন। যে দলের নেত্রীর খোঁজ নাই সেই দলের নেতা হিসেবে কথা সাজে না।’
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এস এম জাহাঙ্গীরের চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘লন্ডনের একটি নাম করা টেলিভিশনে মাদার অব হিউমেনিটি খেতাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূষিত করে নিউজ প্রচার করেছে। কিন্তু বাংলাদেশে একটি দল আছে যারা অং সান সূচির সঙ্গে তুলনা করে বক্তব্য দাঁড় করিয়েছে। চিন্তা করে দেখেন ওরা কত নোংরা। এদের চিন্তা চেতনা কত নিচু।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘আমাদের দেশের কিছু লোক আছে যাদের দল নাই। দলহীন এসব লোক সুযোগ পেলে সরকারে বিপক্ষে এবং বিএনপির পক্ষে দাঁড়ায়। তারা বলে আমাদের কুটনৈতিক তৎপরতা তেমন না। আরে কূটনৈতিক তৎপরতা না থাকলে ইউরোপিয় ইউনিয়ন নিন্দা করলো কিভাবে। ইইউ বলেছে মিয়ানমার একদিকে বাণিজ্যিক সুবিধা নিবে অন্যদিকে গণহত্যা করবে তা হতে পারে না। মিয়ানমারের ঘটনাকে আন্তর্জাতিক বিশ্ব এখন গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে।’
রোহিঙ্গা নির্যাতনের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ। অতি ঘনবসতিপূর্ণ। কিন্তু আমাদের হৃদয় আছে। আমাদের মন আছে। এসব দেখে আমাদের একাত্তরের স্মৃতি ভেসে উঠে। কীভাবে আমাদের মা বোন সেদিন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সুতরাং আমাদের অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকেই মানবিক দিক থেকে বিবেচনা করে এদেরকে আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি। আমরা মনে করি অনতিবিলম্বে সে গণহত্যা বন্ধ করা উচিৎ।’
‘আন্তর্জাতিক বিশ্ব আজ ধিক্কার দিচ্ছে। এটা হতে পারে না। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। বৃদ্ধ যুবক, নারী পুড়িয়ে দেয়া হয়েছে। এটা হতে পারে না’ বলেন তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন বিলম্বে হলেও প্রধানমন্ত্রীর বোধদয় হয়েছে। অর্থাৎ তিনি যে কক্সবাজার গেলেন। বিজিবি মিয়ানমারের গৃহহারা মানুষকে যে আশ্রয় দিয়েছে এ নির্দেশ তো প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই তো আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ করছে।’
খালেদা জিয়া নিখোঁজ আছেন এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘তুরস্কের ফার্স্ট লেডি এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, ইন্দোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, জাতিসংঘে আজ এটা আলোচনা হবে। গতকাল পেপারে দেখলাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত দিয়েছে যে, কেউ তার ভেটো প্রদান করেনি। কিন্তু কোথায় খালেদা জিয়া? অথচ আপনারা বলেন প্রধানমন্ত্রীর বোধদয় হয়েছে? প্রধানমন্ত্রী কি না করেছেন? মানুষ প্রধানমন্ত্রীকে সেখানে পেয়ে আবেগাপ্লুত হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া নিখোঁজ। তিনি হারিয়ে গেছেন। তিনি লন্ডনে বসে টুইটারে একটা বিবৃতি দিয়েছেন। তাঁর এমনকি রোগ যে কারণে দেশে আসতে পারছেন না? মানবিক গুণাবলী থাকলে তিনি সবকিছু ত্যাগ করে গৃহহারা সর্বহারা মানুষের পাশে এসে দাঁড়াতেন। যে দলের নেত্রীর খোঁজ নাই সেই দলের নেতা হিসেবে কথা সাজে না।’
‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে উঠবে।’ যোগ করেন তিনি।
সংস্কৃতি সচিব ইব্রাহিম খান অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।
মুক্তধারা থেকে প্রকাশিত ইব্রাহিম হোসেনের চারটি বই হল-বঙ্গবন্ধুর মর্মকথা ২ খণ্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানি খাতের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান, চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য।