নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যায় দেরি না করে বিষয়টি জাতিসংঘে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অন্যান্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘আজকে রোহিঙ্গারা যে ধর্মেরই হোক, যে জাতির হোক তারা মানুষ তো। নারী-শিশু নিয়ে কীভাবে আসছে ছবি দেখলে নিজেদের সামলে রাখা যায় না। তাদেরকে আজকে আমরা জায়গা পর্যন্ত দিচ্ছি না। এই পারে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে যাতে তারা ঢুকতে না পারে। এটা অমানবিক।’
মির্জা ফখরুল বলেন, ‘হেলিকপ্টার আসছে, গোলাগুলি হলো, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হুমকি হয়ে আসছে। অবশ্যই সরকারের উচিৎ অবিলম্বে মিয়ানমার সরকারকে বলা তুমি এগুলো বন্ধ করো, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করো। অন্যথায় জাতিসংঘে বাংলাদেশ সরকারেরই এই বিষয়টা তোলা উচিৎ, দেরি না করে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মালদ্বীপ তারা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেশে এসে গেছেন। সেখানে আমাদের ভূমিকাটা কী হচ্ছে? আমরা মানুষগুলোকে তো আশ্রয় দিচ্ছি না, কোনো পদক্ষেপও আমরা নিচ্ছি না এসব বন্ধ করার জন্য।’
রোহিঙ্গা নির্যাতন নিয়ে নোবেলজয়ী অং সান সুচির ভূমিকার কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘দুঃখজনক হলো, মিয়ানমারের মূল যিনি পরিচালক অং সান সুচি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্যে। তার দ্বারা আজকে এই মানবতাবিরোধী কাজটি হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। অবিলম্বে সুচিকে এই সহিংসতা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’
এ সময় বিএনপি মহাসচিবের পাশে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

