ঢাকাMonday , 28 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায় নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে কাদা ছোড়াছুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, ‘অবিলম্বে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত। তা না হলে জাতির জন্য তা অত্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়াবে।’
সোমবার এক বিবৃতিতে নাজমুল হুদা বলেন, ‘এই বিতর্ক সরকারের তিনটি প্রধান অঙ্গ তথা নির্বাহী, সংসদ ও বিচার বিভাগের মধ্যে এখতিয়ার নিয়ে যে বিতর্ক চলছে, সেটা দেশের আইনের শাসন ও গণতন্ত্রকে বিপন্ন করতে পারে, যা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই সমস্যা সমাধান হতে পারে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং বিচারপতি অপসারণে সংসদের ক্ষমতা অক্ষুণ্ন রাখা যায়। সে ক্ষেত্রে বিচারপতিদের অসদাচারণের তদন্ত সাংবিধানিকভাবেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর ন্যস্ত থাকবে, তবে সংশোধনী এনে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ সংসদে উপস্থাপনের বিধান সংবিধানে সংযোজিত করতে হবে।’
এই আইনজীবী বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এই সুপারিশ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হওয়ার পরই রাষ্ট্রপতি একজন বিচারপতিকে অপসারণ করতে পারবেন।’
ব্যারিস্টার হুদা বলেন, ‘তবে বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভোটগ্রহণের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ রহিত করতে হবে। অর্থাৎ অভিশংসনের ভোটাভুটিতে সংসদ সদস্যরা সম্পূর্ণ দলীয় প্রভাবের বাইরে থেকে নিজস্ব বিবেক-বিবেচনায় ভোট দিয়ে বিচারপতি অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
নাজমুল হুদা আরও বলেন, ‘সংবিধানের সংশ্লিষ্ট বিধি-বিধান অবিলম্বে সংশোধন ও সংযোজন করার জন্য একটি বিশেষ অধিবেশন ডেকে উপরোক্ত প্রস্তাবের আলোকে সংবিধান সংশোধন করলেই ষোড়শ সংশোধনী নিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান করা সম্ভব হবে।’