বিনোদন ডেস্ক : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আড়াল’-এর ‘ভাল্লাগে না’ শিরোনামের একটি গানের মডেল হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও অভিনেতা সিয়াম আহমেদ। এরপর নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার তারা একসঙ্গে প্রথমবার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। এটি নির্দেশনা দিয়েছেন সুমন ধর। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে নাটক ও চলচ্চিত্র পরিচালনা করলেও আমি প্রথমবার ‘পপুলার ট্রাভেল অ্যান্ড ট্যুরস’-এর বিজ্ঞাপনটি পরিচালনা করেছি। তবে প্রথম কাজ হিসেবে খারাপ কিছু করিনি মনে হয়। শুটিংয়ের সময় খুব টেনশনে ছিলাম কারণ নায়িকা ঊর্মিলা অসুস্থ ছিল। হাতপাতাল থেকে বন্ডসই দিয়ে ও শুটিংয়ে এসেছে। আর সিয়ামের ছিল চিকুনগুনিয়া। সেটে সবসময় ডাক্তার রাখা হয়েছিল। সব মিলিয়ে তাদের সাহায্যের জন্যই কাজটা শেষ করতে পেরেছি। ঊর্মিলা বলেন, নতুন এ বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছি। ধামরাই, বনানী, মানিকগঞ্জ আরিচাসহ বেশকিছু জায়গায় এর শুটিং হয়েছে। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবেন। সিয়াম বলেন, বেশ মজা করেই কাজটি শেষ করেছি। যদিও সেসময় অসুস্থ ছিলাম। তারপরও মন দিয়েই কাজটি করেছি।

