স্পোর্টস ডেস্ক : বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলছেন মোহাম্মদ আমির। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার ঝলক দেখালেন পাকিস্তানি এ তরুণ পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার এসেক্সের হয়ে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন আমির। মাত্র ১৮ রানের খরচায় ৫ উইকেট নিলেন তিনি। রোববার ইয়র্কশায়ারের বিপক্ষে এমন সাফল্য পান আমির।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন আমির। তার বোলিং তোপে মাত্র ১১৩ রানেই অলআউট হয়েছে ইয়র্কশায়ার। অন্যদিকে ৮ উইকেটে ১৮৮ রানে প্রথম দিন শেষ করেছে দলটি। ইয়র্কশায়ারের বিপক্ষে ৭৫ রানের লিড নিয়েছে দলটি।
স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফিরে দারুণ ফর্মে রয়েছেন আমির। গত বছর জানুয়ারিতে ক্রিকেটে ফিরে পাকিস্তান দলের তিন ফরম্যাটেই অন্যতম গুরুত্বপূর্ণ ও নিয়মিত বোলার হয়ে উঠেছেন আমির। কয়েকদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তার ঝাঁঝালো পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে।

