স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে নিজেদের সেরাটা আরও একবার জানান দিল বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। শনিবার জার্মান সুপার কাপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় ছিল। এরপর টাইব্রেকারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয় বুন্দেসলিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বায়ার্ন ও ডর্টমুন্ড। চেনা মাঠে ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিক। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি দলটি। ৬ মিনিট পর বায়ার্নকে সমতায় ফেরান রবার্ট লেভানডফস্কি।
বিশ্রাম শেষে স্বাগতিকদের এগিয়ে দেন আউবামেয়াং। ম্যাচের ৭১ মিনিটে গোল করেন ফরাসি বংশোদ্ভূত গ্যাবনের এই খেলোয়াড়। তবে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বায়ার্নকে আবারও সমতায় ফেরান কিমিচিচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে বায়ার্ন সবগুলো শটে গোল করতে পারলেও ডর্টমুন্ডের বার্তা গোল করতে ব্যর্থ হলে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

