পাবনা প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আনছার আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আনছার আলী ওই গ্রামের নেবাজ আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হরিহরপুর গ্রামের আনছার আলীর বসতবাড়ির একটি অংশ তার কোনো এক ওয়ারিশের কাছ থেকে কিনে নেওয়ার দাবি করে প্রতিবেশী জহির আলী ও জহুরুল ইসলাম। একই সঙ্গে আনছার আলীকে তার বসতবাড়ির বাকি অংশটুকু বিক্রি করে দিতে চাপ দেয় জহির-জহুরুল গং।
কিন্তু আনছার আলী তাদের প্রস্তাবে রাজি হননি। এ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যায় জহির-জহুরুল। এ সময় উভয়পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫/৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আনছার আলীর মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

