স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই মাস। এরপরই প্রবর্তন হচ্ছে আইসিসির নতুন নিয়ম। সেই নতুন নিয়মের আলোকে, ১ অক্টোবর থেকে বিগ হিটার অনেক ব্যাটসম্যানের ব্যাটই পাল্টে ফেলতে হবে। ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, কাইরণ পোলার্ডদের সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও নিজের প্রিয় ব্যাটটি পরিবর্তন করে ফেলতে হবে।
এমসিসির সুপারিশ অনুযায়ী আইসিসি ১ অক্টোবর থেকে ব্যাটের নতুন পরিমাপ নির্ধারণ করে দিয়েছে। যার মাপ ৬৭ মিলিমিটার মোটা, ১০৮ মিলিমিটার চওড়া ও ৪০ মিলিমিটার এজ। অথচ মহেন্দ্র সিং ধোনির ব্যাটের এজ ৪৫ মিলিমিটার। এ কারণে ব্যাটের গভীরতাও কমাতে হবে ধোনিকে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে অবশ্য একটা সিরিজ পাচ্ছেন ধোনি। শ্রীলঙ্কায় ভারতের এই সফরটি শেষ হওয়ার পরই নতুন নিয়মে নতুন ব্যাট দিয়েই খেলতে হবে ধোনিসহ সমস্ত বিগ হিটারদের। কারণ, এদের সবার ব্যাটের ,মাপই নতুন নিয়মের বাইরে।
ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল কিংবা কাইরণ পোলার্ডদের ব্যাটের মাপ ৪৫ এমএম নয়, কারও কারও ৫০ এমএমও। সুতরাং, নতুন নিয়মের অধীনে বিগ হিটার ব্যাটসম্যানদের একটা সমস্যা হবেই- এতে কোনো সন্দেহ নেই।
ভারত অধিনায়ক বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুটরা অবশ্য এই নিয়মের মধ্যেই ব্যাট ব্যবহার করেন। ফলে তাদের কোনও সমস্যা হওয়ার কথা নয়। ধোনিছাড়া ভারতের অন্য ব্যাটসম্যানরাও আইসিসির বেধে দেয়া নিয়মের মধ্যে থেকে ব্যাট করেন।

