ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি, বোমা হামলা ও এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় স্থানীয় এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামের ২০ সমর্থকের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, রোববার যোহরের নামাজের সময় ঝিকরগাছা পৌর সদরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িতে স্থানীয় এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামের সমর্থক ইলিয়াসের নেতৃত্বে ৮টি বোমা ও ৫ রাউন্ড গুলি চালানো হয়। এ ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের স্ত্রী আফরোজা ইসলাম বাদী হয়ে ইলিয়াসসহ ১১ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, গত ১৪ জুলাই ইলিয়াসের সমর্থক রিংকুর নেতৃত্বে পারবাজার এলাকায় ছাত্রলীগ কর্মী মাসুম বিল্লাহ বাবুকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় আরো ৯ জনকে আসামি করে আহত বাবুর স্ত্রী কেয়া মনি ১৫ জুলাই একটি মামলা দায়ের করেন। সে মামলাটিও ১৭ জুলাই রাতে গ্রহণ করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
দু’টি পৃথক মামলার আসামিরাই স্থানীয় এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।

